শাহরুখ-কাজল জুটিতে শুধু সাধারণ দর্শকই মজে থাকে না, খোদ সিনেদুনিয়ার সেলেবরাও মন্ত্রমুগ্ধ। জীবনের কঠিন সময়ও বলিউডের এই ফেমাস জুটি হাসি ফোটাতে সক্ষম। সম্প্রতি অভিনেত্রী নুসরত বারুচার পোস্টে মিলল তেমনই ইঙ্গিত। হাসপাতালের বিছানায় শুয়ে নুসরত, নড়াচড়ার ক্ষমতাটুকুও নেই। সেবিকারাই খাইয়ে দিচ্ছেন। জীবনের এই চ্যালেঞ্জিং মুহূর্তেও ঠোঁটের কোণে হাসি। আর তার একমাত্র কারণ শাহরুখ-কাজল জুটির ‘দিলওয়ালে’ সিনেমার সেই অলটাইম হিট গান ‘রং দে তু মোহে গেরুয়া’।
ইনস্টা হ্যান্ডেলে এই মুহূর্ত ভাগ করে নুসরত লিখেছেন, ‘এভাবেই শাহরুখ খান আর কাজল আমার মুখে হাসি ফোটাল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। ওঁরা (সেবিকা) অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সুস্থ হতে অনেকটা সময় লাগবে তবে স্বপ্ন দেখছি দু’চোখ মেলে।’ দেখতে দেখতে দেড় সপ্তাহ অতিক্রান্ত। বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে নুসরত বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, তবে অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে।
২ অক্টোবর, শুক্রবার নায়িকার টিমের তরফে জানানো হয় মেরুদণ্ডে চিড় ধরার ফলে নুসরত বারুচাকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হচ্ছে। খুব শিগগিরি অভিনেত্রীর অস্ত্রোপচার করা হবে। অভিনেত্রীর দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর অনুগামীরা। কেমন আছেন অভিনেত্রী, তা জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। দুর্ঘটনার এক সপ্তাহ পর শারীরিক পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন নুসরত।

ইনস্টা স্টোরিতে একেবারে অভনব কায়দায় জানিয়েছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এখনও অনেক কাজ করা বাকি আছে। দুর্ঘটনার পর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি সকলের সঙ্গে ভাগ করে মনের কথা বলেছেন নুসরত। সূর্যাস্তের সময় জানালার পাশে হেলান দিয়ে রাখা একটি খালি হুইল চেয়ারের ছবি শেয়ার করে লেখেন, ‘চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!’
