আজকাল ওয়েবডেস্ক: দিল্লির এক সরকারি স্কুলের চত্বরে ঘটে গেল এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা। শনিবার পূর্ব দিল্লির শাহদরা এলাকার কৃষ্ণনগরের সর্বোদয় বালিকা বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরের পেছন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই ১৭ বছর বয়সী ছাত্রীকে উদ্ধার করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুলে আগুন লাগার খবর পেয়ে একটি পিসিআর কল আসে কৃষ্ণনগর থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। স্কুলের গার্ড রুমের পেছনের অংশে গিয়ে পুলিশকর্মীরা দেখতে পান, ছাত্রীটি গুরুতর দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ডিসিপি এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল এবং ছাত্রীর স্কুলব্যাগ থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ক্রাইম সিন টিম ডেকে পুরো এলাকা থেকে নমুনা ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রীর কাছ থেকে তিন পাতার একটি চিঠি উদ্ধার হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, সে সম্ভবত স্কুলব্যাগে করে কোনও দাহ্য রাসায়নিক পদার্থ বা পেট্রোল নিয়ে স্কুলে এসেছিল। তবে সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল বা কী কারণে সে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হল, তা তদন্তের স্বার্থে এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ। স্কুলের মতো একটি সুরক্ষিত জায়গায় ব্যাগ তল্লাশি এড়িয়ে কীভাবে এমন পদার্থ নিয়ে ছাত্রী ভেতরে ঢুকল, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনার কার্যকারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
