ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কোনারাক নৌঘাঁটিতে মার্কিন বাহিনীর হামলার খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানি সংবাদমাধ্যমগুলো ঘাঁটিতে মার্কিন হামলার খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ দাবি নাকচ করেন।
ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, সোমবার ঘাঁটির ভেতরে থাকা ৩৫ মিলিমিটারের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কামান লক্ষ্য করে দুটি ছোট আকারের গোলা ছোড়ে মার্কিন বাহিনী। এতে দুই ইরানি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে অন্য একটি প্রতিবেদনে দুই সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে।
এদিকে, ইরানের সংবাদমাধ্যম গোইয়া নিউজ জানিয়েছে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, উত্তর আরব সাগরে যুক্তরাষ্ট্রের আর্লে বার্ক শ্রেণির একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টার জবাবে এ অভিযান চালানো হয়। এতে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বিমানবাহী রণতরি থেকে উড্ডয়ন করা এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান অংশ নেয় বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে আরও বিমান হামলার আশঙ্কার কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওমান উপসাগরের তীরে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে কোনারাক নৌঘাঁটির অবস্থান। এটি দেশটির গুরুত্বপূর্ণ উপকূলীয় সামরিক স্থাপনাগুলোর একটি।
সূত্র: শাফাক নিউজ
