ঋতুস্রাব নিয়ে এখনও আমাদের কত ছুঁতমার্গ! কোনও শুভ কাজে নাকি যোগ দিতে নেই ঋতুমতীদের। আজকের এআই যুগে দাঁড়িয়েও এই সামাজিক বিধিনিষেধের বেড়াজাল পেরতে পারেননি বহু নারীই। কিন্তু ভেবে দেখেছেন কি এমন কোনও পরিস্থিতিতে আচমকা আপনি রজঃস্বলা হয়ে পড়লেন যে গোপনীয়তার কোনও জায়গাই নেই, কী করবেন তখন? নিজের সমস্যার কথা খুলে বলে তবেই তো সমাধানের রাস্তা খুঁজতে হবে। ঠিক যেমনটা করেছেন মহারাষ্ট্রের পর্বতারোহী যোগেশ্বরী বোহারে। অভিযানে গিয়ে হঠাৎ তাঁর ঋতুস্রাব শুরু হয়। কীভাবে নিজের এই বিশেষ অবস্থা সামলালেন, ভিডিও করে তা বিশদে তুলে ধরেছেন যোগেশ্বরী। সমাধানের উপায় তো বটেই, সেইসঙ্গে এনিয়ে ভিডিও বার্তায় ছুঁতমার্গ কাটানোর সাহসও দেখালেন মারাঠি পর্বতারোহী। সেই ভিডিও আপাতত ভাইরাল।
ভিডিও বার্তায় তিনি বলেন, “রাতেই আমার ঋতুস্রাব শুরু হয়। এখানে আমিই একমাত্র মহিলা। আরও ৪,৫ দিন আমাদের অভিযান চলবে। আমি নিজেই একটা স্যানিটারি প্যাড তৈরির চেষ্টা করেছি। অনেকগুলি টিস্যু পেপার একটার উপর আরেকটা দিয়ে মোটা করে মেডিক্যাল টেপ দিয়ে চিরাচরিত প্যাডের মতো বানিয়েছি। তাতে কতটা কাজ হয়, দেখা যাক।”
ঘটনা ঠিক কী হয়েছে? যোগেশ্বরীর ভিডিও থেকে জানা যাচ্ছে, একটি দলের সঙ্গে ১৬০০০ ফুট উঁচু পর্বতে অভিযান শুরু করেছিলেন তিনি। যাত্রা শুরুর রাতেই তাঁর ঋতুস্রাব শুরু হয়। অভিযাত্রী দলে তিনিই ছিলেন একমাত্র মহিলা। তাঁর কাছে না ছিল স্যানিটারি প্যাড। না ধারেকাছে তাঁকে সাহায্য করার মতো কেউ ছিলেন। এই অবস্থায় নিজেই সমাধানের উপায় বের করলেন। টিস্যু পেপার ও মেডিক্যাল টেপ দিয়েই আপৎকালীন পরিস্থিতিতে প্যাড তৈরি করেন যোগেশ্বরী! ভিডিও বার্তায় তিনি বলেন, “রাতেই আমার ঋতুস্রাব শুরু হয়। এখানে আমিই একমাত্র মহিলা। আরও ৪,৫ দিন আমাদের অভিযান চলবে। আমি নিজেই একটা স্যানিটারি প্যাড তৈরির চেষ্টা করেছি। অনেকগুলি টিস্যু পেপার একটার উপর আরেকটা দিয়ে মোটা করে মেডিক্যাল টেপ দিয়ে চিরাচরিত প্যাডের মতো বানিয়েছি। তাতে কতটা কাজ হয়, দেখা যাক।”
যোগেশ্বরীর এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি আরও বলেছেন, “পাহাড় আমাদের অনেক কিছু শেখায়। বিশেষত প্রতিকূল পরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, কঠিন কাজ কীভাবে কৌশলে সহজ করে নিতে হয়, এসব অভিজ্ঞতা হয়। একজন মহিলা পর্বতারোহীর কাছে ঋতুস্রাব কখনও অভিযানে বাধা নয়, বরং তাকে সামলে এগিয়ে যাওয়ার শক্তি। মহিলাদের এমন নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। তবেই সাফল্য মিলবে।” যোগেশ্বরীর এই ভিডিও দেখে নেটিজেনদের বড় অংশই প্রশংসা করছেন। একজনের মন্তব্য, ‘আমরা ঋতুমতী, আমরা পাহাড় চড়ি, আমরা বাঁচি।’ তবে কেউ কেউ যোগেশ্বরীর ভিডিও দেখে নাক সিঁটকেছেন। প্রশ্ন তুলেছেন, কেন প্রস্তুত হয়ে যান না? যে যাই বলুক, যোগেশ্বরী কিন্তু নারীশক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।
View this post on Instagram
