ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সৌদি আরবপ্রবাসী আক্কাস মিয়ার দুই বছর বয়সী যমজ ছেলে হুজাইফা ও আকরামের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা ও মো. আকরাম নামে দুই বছর বয়সী যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে ফুটবল খেলছিল শিশু দুটি। এ সময় তাদের বলটি পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী শিশু দুটির লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলতে গিয়ে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
