পরাজিত শক্তি আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের কথাবার্তা ও আচরণে মিল রয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্কের প্রমাণও আছে।
রিজভী বলেন, একটি গুপ্ত দলই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিল। পরাজিত শক্তি ও দলটির আচরণ একই রকম বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির বিরুদ্ধে অতীতে অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হয়েছিল। অন্য ধর্মাবলম্বীরাও বিএনপি ক্ষমতায় থাকলে নিরাপদ থাকবেন না বলে অপপ্রচার চালানো হয়। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় কাজ করেছেন। তার দাবি, গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ নিশ্চিত ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়ে রিজভী দাবি করেন, এসব কর্মসূচির ফলে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে।
কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
