বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পুরো বাংলাদেশের জন্য অমূল্য রত্ন। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন নজরুলের কীর্তি অম্লান থাকবে। তাই কোমলমতি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে আরও বেশি করে নজরুল চর্চায় এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিল্প ও সংস্কৃতিচর্চার প্রসারে আগামীতে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের নির্মাণকাজ উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এ প্রকল্পের মাধ্যমে ৩১৭টি পরিবারের জন্য পানি সরবরাহব্যবস্থা স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন শেষে সংসদ সদস্য ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।এদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
মতবিনিময় শেষে পূজামণ্ডপগুলোর জন্য সরকারিভাবে বরাদ্দ করা চাল বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে নজরুল চর্চার প্রসার, নিরাপদ পানি সরবরাহ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
The post নজরুল বর্ষ উপলক্ষে শান্তিগঞ্জে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা appeared first on ভোরের চেতনা.
