নবীনগরে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। পরে দুজনই পানিতে ডুবে যায়।
দুই ছেলেকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
জমজ দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

