দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পেছনে বহিরাগত ও বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, ভারতকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ার নারায়ণপুরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কার্যালয়ের ভূমিপূজা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন সুকান্ত মজুমদার।
সিজেপির আন্দোলনে বিদেশি মদতের অভিযোগ
ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এই ককরোচ আন্দোলনের পেছনে বহিরাগত শক্তি বা বিদেশি শক্তির অংশগ্রহণ রয়েছে। কারা আছে, কী আছে, তা বলার অধিকার আমার নেই। যাদের বলার অধিকার রয়েছে, অর্থাৎ ভারতের তদন্তকারী সংস্থাগুলো, তারা সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে বিষয়টি জানাবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পুরো বিষয়টি সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। ভারতকে অস্থিতিশীল করার জন্য ‘টুলকিট’ ব্যবহার করে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ অনুষ্ঠানে তুলে ধরেননি সুকান্ত মজুমদার।
মমতা-অভিষেককে নিশানা
তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন, দলের খারাপ সময়ে তাকে দেখা যায় না, কিন্তু পরিস্থিতি ভালো থাকলে তাকে দেখা যায়।
মমতা ব্যানার্জী দিল্লিতে গিয়ে আন্দোলন করার প্রসঙ্গেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, পূজার সময় বাঙালির দিল্লিতে গিয়ে বসে থাকার কথা নয়। তার ভাষ্য, ‘আমরাও পশ্চিমবঙ্গে বসে আছি। বাঙালি পশ্চিমবঙ্গে বসে থাকবে।’
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জী। এ বিষয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ডিডি/কেএএ
