মোশাররফ করিমের সঙ্গে আবারো নতুন নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ‘জামাই মানে যন্ত্র-না’ শিরোনামের নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পরিচালনা করেছেন সরদার রোকন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। নীলাঞ্জনা নীলা এর আগে মোশাররফ করিমের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেসব নাটক দর্শকের মধ্যে সাড়াও ফেলেছে। নতুন নাটকটি নিয়েও আশাবাদী নীলা।
নির্মাতা সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিম বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন গুণী ও মেধাবী অভিনেতা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজেকে জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়ের অনেক কিছু শেখার সুযোগ হয়। জামাই মানে যন্ত্র-না নাটকে নীলাঞ্জনা নীলাও চমৎকার অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’
মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। গল্পটিও অন্য রকম। নীলাঞ্জনা নীলাও আগের চেয়ে ভালো অভিনয়ের চেষ্টা করেছেন।’
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে নীলাঞ্জনা নীলা বলেন, ‘শুরুর দিকে তার সঙ্গে অভিনয় করতে বেশ ভয় লাগত। এখন দিনের পর দিন তার সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা মানেই অভিনয়ের অনেক কিছু জানা ও শেখা। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
এর আগে সরদার রোকনের পরিচালনায় ‘ভাঙ্গারীর বউ রাজরানী’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যদিকে নীলাঞ্জনা নীলার সঙ্গে তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামী’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’।
