ঢাকা: বাংলা সংস্কৃতি, হেমন্তের সৌন্দর্য এবং সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন উদ্যাপনে আগামী ২৯ অক্টোবর ‘হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।
রাজধানীর শাহবাগের পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে ফোরামের সদস্যদের অংশগ্রহণে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যের নানা আয়োজন।
রোববার (১৮ অক্টোবর) ফোরামের অফিস সম্পাদক আশিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাগত ব্যস্ততার বাইরে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা পিঠা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং আড্ডার আয়োজন থাকবে। এসব আয়োজনের মধ্য দিয়ে হেমন্তের আবহ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকেরা।
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে রাজধানীতে বসবাসরত কুমিল্লার সাংবাদিকদের নিবিড় সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
বিজ্ঞপ্তিতে সিজেএফডি সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সদস্যদের মধ্যে যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্ক বাড়ানোর পাশাপাশি সংগঠনের অভ্যন্তরে আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী দীন মোহাম্মদ বেলাল আশা প্রকাশ করেন, ‘হেমন্ত সন্ধ্যা’ ফোরামের সদস্যদের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে। এর মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
আয়োজকেরা আশা করছেন, ঐতিহ্যবাহী খাবার, গান, কবিতা ও আড্ডায় মুখর এ উৎসব রাজধানীতে কর্মরত কুমিল্লার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংগঠনের প্রতি সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
