প্রকাশিত: ২২:০৪, ১৯ অক্টোবর ২০২৬
যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিশা ও শোভন
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাদেরকে বহনকারী ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ সময় সাধন কুমার ও তার স্ত্রী আহত হন।
দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমনচালককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল।
