পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের সঠিক প্রস্তুতি ও ধর্মীয় বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে চট্টগ্রামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওমরাহ যাত্রীদের সফরের নিয়মকানুন, প্রয়োজনীয় করণীয় এবং ইবাদতের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষণ কর্মশালায় হজ কাফেলার মুয়াল্লিম হাফেজ মাওলানা নুরুল মোস্তাফা যাত্রীদের সফরের সার্বিক প্রস্তুতি এবং ওমরাহ পালনের খুঁটিনাটি বিষয়ে পরামর্শ প্রদান করেন। এ সময় সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মহিউদ্দিন সোহেল উপস্থিত যাত্রীদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে পাসপোর্ট, ভিসার কপি, লাগেজ ট্যাগ এবং জরুরি যোগাযোগের নম্বর হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ওমরাহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ধর্মীয় বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অপরিহার্য। পাশাপাশি সফরের আগে যথাযথ প্রস্তুতি গ্রহণ ও নিয়মানুবর্তিতা বজায় রেখে ইবাদত পালনের ওপর তারা জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন নেজামী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ আল কাদেরী এবং হাফেজ মাওলানা শাকের রেজা কাদেরী। এছাড়া মাওলানা শাহেদুল আলম, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা এনামুল কারীম কাদেরীসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ওমরাহ যাত্রীরা এতে অংশ নেন।
কর্মশালার শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে ওমরাহ যাত্রীদের সফর যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় এবং তাদের পবিত্র ইবাদত যেন কবুল হয়, সে লক্ষ্যে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
The post চট্টগ্রামে সাইফা ট্রাভেলসের ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া appeared first on Daily Sangbad Chorcha.
