কালবেলা · দেশ
মাদক, কিশোর গ্যাং ও র্যাগ ডে বন্ধে শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা
১৩/১০/২০২৬

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং এসব কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনাটি দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে প্রস্তুত করতে হবে।
উল্লেখ্য, নির্ধারিত ছকে এসব তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের।
মূল প্রতিবেদনে যান ↗