সুনামগঞ্জের দিরাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই যুবকের সংঘর্ষের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে ইসিজি মেশিনসহ হাসপাতালের বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে গ্রামের জিবু মিয়া ও জাহাঙ্গীরের মধ্যে সংঘর্ষ হয়। পরে আহত দুজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জিবু মিয়ার ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় জরুরি বিভাগে ভাঙচুর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হামলায় ইসিজি মেশিনসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত জিবু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
