আজকাল ওয়েবডেস্ক: একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গাইঘাটা এলাকায় উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, ওই ছাত্রীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
ইতিমধ্যেই, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ওই যুবতী।
জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ির পাশে বিচিত্রা অনুষ্ঠান চলছিল৷ সেখানেই গিয়েছিল ওই ছাত্রী। পরিবারের অভিযোগ রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ফোন এলে ওই ছাত্রী বিচিত্রা অনুষ্ঠান না দেখেই চলে যায়৷
এরপর থেকে যুবতীর আর কোনও খোঁজ মেলেনি। সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। রবিবার সাতসকালে এক প্রতিবেশীর ঘরের সামনে বিবস্ত্র অবস্থায় ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷
এরপরেই পরিবার ও প্রতিবেশীদের ধর্ষণ করে খুনের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকা একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া।
https://youtu.be/JwFdq_tA9cE?si=0GDpsiHmMVIRWgro
প্রায়ই নেশাখোর, গরু পাচারকারী সহ একাধিক লোকজন যাতায়াত করে৷ সে কারণে এলাকার পরিবেশ দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ওই যুবতীর এক আত্মীয়কে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
