ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্য। এ সময় তারা বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নতুন দায়িত্ব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্য হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এর আগে গত ১৫ আগস্ট তাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ সময় রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখে বর্তমান সরকার দেশ পরিচালনা ও উন্নয়নের কাজ এগিয়ে নেবে। দলের আদর্শ ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তারা নতুন দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
অন্যদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন গণতন্ত্রের জন্য তার অবদান মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
তিনি বলেন, জিয়া পরিবার সব সময় দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে। দেশের যে কোন ক্রান্তিকালে জিয়া পরিবারই বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে ইনশাল্লাহ। ডাকসুর সাবেক ভিপি আমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। একই সঙ্গে দেশের সমৃদ্ধির সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমান উল্লাহ আমান। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে যেসব কাজ করেছিলেন, তার ছেলে তারেক রহমান আরও দ্রুতগতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
নতুন স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের ধারক। দলের পক্ষ থেকে দেওয়া এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য তারা আন্তরিকভাবে কাজ করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
