অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।
১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।
শুরুতে ২ উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এলিস পেরি-অ্যানাবেল সাদারল্যান্ড। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করে অপরাজিত থাকেন পেরি। সাদারল্যান্ড ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫২ বলের ইনিংসে মারেন ১২ চার।
১৬৪ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন মেগান শুট। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট পেয়েছেন। বোলিং করেছেন ২.৩৬ ইকোনমিতে।
