প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার (প্রটোকল) ভাঙার অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। ওই রাতেই তিনি রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
বর্তমানে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব
দেওয়া হয়েছে। তবে বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান বা করমর্দন করেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে অনেকটা জড়িয়ে ধরার মতো করে ঝুঁকে আসেন।
এর পরপরই ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি আদেশ জারি করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, গতকাল সকালে অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী রাতেই দায়িত্ব ছেড়ে গাড়িতে রাজশাহী ত্যাগ করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় তার আচরণ এবং প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়ে সরকারের প থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
