Published : 18 Oct 2026, 01:03 PM
Updated : 18 Oct 2026, 01:03 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারীর গুলিতে এক যুবক আহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান।
আহত সুজন পাল (৩৫) খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জের একটি মিষ্টির দোকানে কাজ করেন এবং পরিবার নিয়ে স্থানীয় ভাড়া বাসায় বসবাস করছেন।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে এক প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চান। একপর্যায়ে তাদের একজন পিস্তল বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
