Published on
:
2 min read
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ডিসকাস থ্রোয়ে দাপুটে পারফরম্যান্স ভারতের। F43/F44/F62/F64 বিভাগের ফাইনালে সোনা, রুপো ও ব্রোঞ্জ— তিনটি পদকই জিতে নিলেন ভারতীয় অ্যাথলিটরা। দুরন্ত থ্রোয়ে সোনা জিতলেন দেবেন্দর কুমার। ৭৮১ রাজ়া পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেন তিনি। নজর কাড়লেন ভারতের বাকি দুই অ্যাথলিটও। ৭৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন রাকেশ। অন্য দিকে, F64 বিভাগে অংশ নেওয়া প্রদীপ ৬৬৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন। সব মিলিয়ে ডিসকাসে ভারতের পদক জয়ের এই হ্যাটট্রিক নিয়েই এখন চর্চা চলছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
দ্বিতীয় প্রচেষ্টাতেই সোনা নিশ্চিত দেবেন্দরের
প্রথম প্রচেষ্টায় ৪৮.৮৫ মিটার থ্রো করেছিলেন ছুড়েছিলেন দেবেন্দর। দ্বিতীয় প্রচেষ্টায় আরও দাপট দেখান তিনি। দূরত্ব বাড়িয়ে ৪৯.৭১ মিটার করেন। এর পরে তৃতীয় ও চতুর্থ প্রচেষ্টায় ফাউল করেন। পঞ্চম প্রচেষ্টায় তাঁর থ্রো ছিল ৪৫.২০ মিটার। শেষ প্রচেষ্টাতেও ফাউল করেন দেবেন্দর। তবে দ্বিতীয়বারে করা থ্রো-ই তাঁকে সোনা এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ৪৯.৭১ মিটার থ্রোয়ের ভিত্তিতে ৭৮১ রাজ়া পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করেন তিনি।
রুপো জিতলেন রাকেশ, ব্রোঞ্জ প্রদীপের
ভারতের আর এক অ্যাথলিট রাকেশ প্রথম প্রচেষ্টায় ৪৭.৮৭ মিটার ছোড়েন। দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর থ্রো ছিল ৪৬.০৮ মিটার। তৃতীয় প্রচেষ্টায় ফাউল করার পরে চতুর্থ প্রচেষ্টায় ৪৯.৩৫ মিটার ছুড়ে নিজের সেরা পারফরম্যান্স করেন তিনি। শেষ দুই প্রচেষ্টায় আর দূরত্ব বাড়াতে পারেননি রাকেশ। শেষ পর্যন্ত ৭৭১ রাজ়া পয়েন্ট নিয়ে রুপো জেতেন তিনি।
অন্য দিকে, F64 বিভাগে অংশ নেওয়া প্রদীপ কুমারের সেরা থ্রো ছিল ৫১.১৫ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় এই ব্যক্তিগত সেরা দূরত্ব পার করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৫০.৮৩ মিটার ছোড়েন। শেষ তিনটি প্রচেষ্টায় তাঁর থ্রো ছিল যথাক্রমে ৪৬.১৬, ৪৮.৮০ ও ৪৭.৮৪ মিটার।
প্রদীপের থ্রো দেবেন্দর ও রাকেশের তুলনায় বেশি দূরত্বে গেলেও পদক নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল রাজ়া পয়েন্ট। বিভিন্ন শ্রেণির অ্যাথলিটদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে সেই পয়েন্টের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি হয়। ফলে ৫১.১৫ মিটার ছুড়েও ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয় প্রদীপকে।
