- ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রাফিক গার্ডের নামে টাকা তোলার অভিযোগে এবার রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হলেন এক হোমগার্ড। দীর্ঘ জিজ্ঞাসাবাদে উল্টোডাঙা ট্রাফিক গার্ডের ওই হোমগার্ড তদন্তকারীদের সহযোগিতা করেননি বলে অভিযোগ। বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ট্রাফিক গার্ডের হয়ে টাকা তোলার ঘটনায় সেপ্টেম্বর মাসে দুর্নীতি দমন শাখার হাতে হাওড়া থেকে ধরা পড়েন সঞ্জীব নন্দী ওরফে বাপ্পা। এই সঞ্জীব কলকাতা, হাওড়া, বিধাননগর, বারুইপুরসহ বিভিন্ন ট্রাফিক গার্ডের হয়ে টাকা তুলতেন বলে অভিযোগ। টাকার বিনিময়ে নো এন্ট্রি ও একমুখী রাস্তায় ট্রাক, লরি চলাচলের সুযোগ করে দিতেন অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত ট্রাফিক গার্ডের একাধিক ওসি, সার্জেন্ট, সিভিক ও হোমগার্ডের নাম উঠে আসে। জানা যায়, ই-ওয়ালেটে বা নগদে তাঁদের কাছে টাকা পৌঁছাত। এই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের একাধিক ট্রাফিক গার্ডের ওসি, সার্জেন্ট, সিভিক ও হোমগার্ডদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন শাখা। সঞ্জীবের মোবাইল থেকে উল্টোডাঙা ট্রাফিক গার্ডের এই হোমগার্ডের নাম উঠে আসে। তার ভিত্তিতে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। যেসব লরিকে টাকার বিনিময়ে তিনি একমুখী ও নো এন্ট্রিতে চলার সুযোগ করে দিয়েছেন, তার তথ্য তুলে ধরা হয়। তদন্তকারীরা জানতে চান, নিয়ম কেন ভাঙা হল? তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সঞ্জ্বীব যে টাকা পাঠিয়েছেন তাঁর কাছে, সেই তথ্যও তুলে ধরে প্রশ্ন করা হয়। অভিযুক্ত হোমগার্ড কার্যত স্বীকার করে নেন যে এই টাকা দুর্নীতির। এই টাকার ভাগ কাদের কাছে গিয়েছে, তা নিয়েও নিরুত্তর ছিলেন ওই হোমগার্ড। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
