যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
অভিযুক্তরা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন (যুবলীগ ও ছাত্রলীগ)-এর নেতা-কর্মী। তারা হচ্ছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর কায়সার, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মেহরাজ ফাহমি।
গতকাল সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ইউনূসকে উদ্দেশ্য করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করে।
