বিনোদন: জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রতিনিধিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে জানিয়েছেন তাঁর জনসংযোগ প্রতিনিধি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান আরজে মিটে। সিরিজে তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটির পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন তিনি।
চরিত্রটির মধ্য দিয়ে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন মিটে। তাঁর অভিনয়জীবনের সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি ছিল এই সিরিজ।
বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন মিটে। জন্মের সময় মস্তিষ্কে ক্ষতি হওয়ার পর তিন বছর বয়সে তাঁর সেরিব্রাল পালসি শনাক্ত হয়। নিজের শারীরিক অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগিয়ে পর্দায় প্রতিবন্ধী মানুষের জীবন ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিনোদনজগতে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সোচ্চার ছিলেন মিটে। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে কাজ করেছেন তিনি। নিজের দাতব্য সংস্থা মিটে ফাউন্ডেশনের মাধ্যমেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন।
‘ব্রেকিং ব্যাড’-এর পরও বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মিটে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং নেটফ্লিক্সের সুপারহিরোভিত্তিক সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’।
মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচারেও ব্যস্ত ছিলেন তিনি। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন মিটে। মৃত্যুর কয়েক দিন আগেও সিনেমাটি নিয়ে প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়েছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের সঙ্গী কেনেডি সুয়ারেজের সঙ্গে বাগ্দান হয়েছিল তাঁর। অভিনয় ও প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজের মধ্য দিয়ে দর্শক ও সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই অভিনেতা।
