চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের উদ্যোগ বাতিলের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মচারীরা।
গতকাল সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টায় শেষ হয়। একই সঙ্গে আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ সেন্টারে এ গণঅনশন কর্মসূচি পালন করা হয়। এতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ কর্মচারী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
গণঅনশন থেকে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাতিল, বন্দরের কর্মচারীদের চাকরির নিশ্চয়তা এবং শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
গণঅনশন শেষে আন্দোলনকারীরা আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা দেন। তাঁদের দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন।
The post এনসিটি চুক্তি বাতিল দাবি: ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
