সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় যুবকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
গত রবিবার বিকেল ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজের প্রবীণ ব্যক্তি ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
The post শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদী সভা, সচেতনতা বৃদ্ধির আহ্বান appeared first on ভোরের চেতনা.
