Published : 16 Oct 2026, 04:01 PM
Updated : 16 Oct 2026, 04:01 PM
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যে চারজন দগ্ধ হয়েছিলেন, তাদের সবাই একে একে মারা গেছেন।
সবশেষ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৯ অক্টোবর রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকায় একটি আবাসিক ঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। তাতে শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও প্রতিবেশী রনি (১৯) দগ্ধ হন।
দুর্ঘটনার পর থেকেই তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
সেখানকরা আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, রোগীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
তিনি জানান, রোজিনা শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল পৌনে ৪টায় তার মৃত্যু হয়। শরীফের শরীরের ৪০ শতাংশ দগ্ধের পাশাপাশি ইনহেলেশন বার্ন ছিল। বৃহস্পতিবার ভোর ৪টায় মারা যান তিনি।
আর রিয়াজ শরীরের ৪০ শতাংশ দগ্ধ ও ইনহেলেশন বার্ন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।
