ফরিদপুরের সদরপুর উপজেলায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া মালামালবোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৬-৩৬৮৩।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে আমিরাবাদ চৌরাস্তার মোড়ের পাশে মাটিতে দুই চাকা দেবে যাওয়া অবস্থায় মালামালবোঝাই ট্রাকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শুক্রবার রাতে বিষয়টি পুলিশকে জানালে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ট্রাকের ভেতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় ট্রাকের মালিক মো. হান্নান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ পিপিএম আমার দেশ-এর প্রতিনিধিকে টেলিফোনে ট্রাক ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাই হওয়া ট্রাকে ডাল ও পশুখাদ্য রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ট্রাকের মালিককে সঙ্গে নিয়ে ইতিমধ্যে ফরিদপুরের সদরপুর থানার উদ্দেশে রওনা হয়েছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “মালামালবোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। কালিয়াকৈর থানার তদন্তকারী কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে আমরা তাঁদের সহযোগিতা করব।”
