স্টাফ রিপোর্টার : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সাদাপাথর বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক মা ও তাঁর ৯ মাসের শিশু কন্যা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুমাইয়া সিদ্দীকা তানিয়া (১৮) ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনাইয়া জান্নাত। তানিয়া সিলেট নগরীর শাহপরান থানার দাসপাড়া এলাকার বাসিন্দা সামীর আহমেদের স্ত্রী।
দুর্ঘটনায় আহত চারজন হলেন- মো. শোয়েব আহমদ (১৭), মো. হুসাইন আহমদ (১৭), রহমত মিয়া (২৬) ও মোছা. তানিয়া (২৬)। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলের কেওড়াছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তানিয়া ও তাঁর শিশুকন্যা গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আহত চারজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে মায়ের মরদেহ এবং ময়নাতদন্ত ছাড়াই শিশুকন্যার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
