ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিন দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা থেকে নিখোঁজ হন ফরহাদ। এলাকাটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার আওতাধীন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মো. মিরাজের ছেলে। পেশায় তিনি একটি বেসরকারি কারখানার কর্মচারী।
নিখোঁজ ফরহাদের বড় ভাই মো. সাত্তার জানান, গত রোববার নোয়াখালী হয়ে মনপুরায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন ফরহাদ। তিনি আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথাও জানিয়েছিলেন। তবে রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি।
নিখোঁজের তিন দিন পার হলেও ফরহাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
