কমলগঞ্জ সংবাদদাতা : ছড়াসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের কবি ও মাসিক শব্দচর সম্পাদক আবদুল হাই ইদ্রিছী।
শনিবার বিকেলে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ। সঞ্চালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক মো. ফাতাউর রহমান ও উপস্থাপিকা হেপি জান্নাত। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়ালসহ অন্যরা। এ বছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলার ৪০ জন গুণীজনকে এ সম্মাননা দেওয়া হয়।
কবি আবদুল হাই ইদ্রিছী একাধারে ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। ২০০১ সাল থেকে সাহিত্যচর্চায় যুক্ত তিনি। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘স্বপ্নের পলেস্তারা’, ‘রাসুল (সা.) আমার ভালোবাসা’ ও ‘চৌধুরী হারুন আকবর: জীবন ও সাহিত্য ভাবনা’। বর্তমানে তিনি মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করছেন।
এর আগে সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। নতুন এ অর্জনে তাঁর সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
