পিরোজপুরের জিয়ানগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওলিউর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের নবযোগদানকারী জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল এবং যুবদল নেতা ও সাংবাদিক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
