ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন গুঞ্জনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশ ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চালানো হচ্ছে। তারা দেশে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতির সুযোগ নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না, কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।”
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে।
তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা এই বক্তব্যে দেওয়া হয়নি।
The post ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
