আলোচিত অভিনেত্রী ঢালিউডের পরীমণির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি তাকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টেলিভিশনটির প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট নন তিনি। বরং তার অভিযোগ, এই ঘটনায় তার স্বাভাবিক জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন পরীমণি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে পরীমণি লিখেছেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’
এরপর নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’ তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্টই স্বাভাবিকভাবে করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, এমনকি সন্তানদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার নেতিবাচক মন্তব্য থেকে।
এ পরিস্থিতিতে কী করবেন, সেই প্রশ্নও তুলেছেন পরীমণি। নিজের মানসিক শান্তি নষ্ট হওয়া এবং কাজের ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’
পোস্টে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাসের প্রসঙ্গও টেনেছেন অভিনেত্রী। তবে সেই পদক্ষেপ বাস্তবায়নের সময় নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’
ক্ষোভের শেষ পর্যায়ে এসে মাছরাঙা টেলিভিশনকেই দায়ী করেন পরীমণি। তার কথায়, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
পরীমণির এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট।
