একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে বর্তমানে অভিনয়ে তার ব্যস্ততা কমেছে। লাইট-ক্যামেরার জগতে অনিয়মিত হলেও কর্পোরেট দুনিয়ায় সময় দিচ্ছেন বেশি। অভিনয়কে এখন আর প্রধান পেশা হিসেবে নয়, বরং দ্বিতীয় পছন্দ হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভা। অভিনয়ে নিয়মিত ফেরার বিষয়ে তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র কিংবা উপযুক্ত পারিশ্রমিক পেলে তবেই নতুন কাজে যুক্ত হচ্ছেন তিনি।
তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি প্রভা। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ রয়েছে। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন প্রভা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নামের আরেকটি নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এ ছাড়া ‘পরের মেয়ে’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন প্রভা। নাটকটি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হচ্ছে।
