বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মধ্যরাতে রোগী সামলানোর সময় নারী চিকিৎসককে চড়াও হয়ে হেনস্তা ও গালাগাল করার মারাত্মক অভিযোগ উঠেছে। গত রবিবার রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক সাকিয়া হক আন্তর্জাতিক ‘ডায়ানা অ্যাওয়ার্ড’প্রাপ্ত এবং বর্তমানে হাসপাতালটিতে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
চিকিৎসকের অভিযোগ, রোগীর শরীরে ক্যানুলা পরানোকে কেন্দ্র করে অসন্তোষ থেকে সঙ্গে আসা একদল ব্যক্তি তার কক্ষে ঢুকে মারমুখী আচরণ করেন এবং গালাগাল করতে করতে গায়ে হাত তোলার উপক্রম করেন। তিনি জানান, ওই রাতে ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি ছিলেন পাঁচ শতাধিক রোগী। রবিবার দুপুর আড়াইটা থেকে পরদিন সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পুরো হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে ছিলেন একা তিনিই। রাত সাড়ে ১২টার দিকে বুকে ও পেটে ব্যথা নিয়ে এক রোগী এলে প্রাথমিক পরীক্ষা শেষে গ্যাসের ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। তিনি জানান, পর্যাপ্ত জনবল সংকটের মধ্যেও চিকিৎসকরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। সেখানে এমন ঘটনা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
