বৈভব সূর্যবংশী।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
IPL-এ দুরন্ত পারফরম্যান্সের পর থেকেই বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ভারতীয় দলে দ্রুত সুযোগ দেওয়ার দাবি উঠেছিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রথম একাদশে জায়গা দেওয়ার দাবিও ওঠে। সুযোগ পেয়ে ভালো খেলেও দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। এশিয়ান গেমসে ভারতকে জেতানোর পরেও টানা ছ’টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পায়নি এই তরুণ ব্যাটার। তা নিয়ে কম বিতর্কও হয়নি। অবশেষে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পায় বৈভব। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না সে। মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরে তরুণ তারকা।
তিন নম্বরে নেমেও ব্যর্থ ব্যাটিং
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ভারত-নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা পায় বৈভব। চোটের কারণে ঈশান কিষান (Ishan Kishan) ছিটকে যাওয়ায় দলে নেওয়া হয় তাকে। তবে ওপেনিংয়ে না পাঠিয়ে তিন নম্বরে ব্যাট করতে নামানো হয় বৈভবকে। কিন্তু এই সিদ্ধান্ত কাজে এল না। নিউ জ়িল্যান্ডের দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই ক্রিজে আসে সে। তবে বেশিক্ষণ টিকতে পারেনি।
শুরু থেকেই সমস্যায় পড়ে বাঁ-হাতি এই ব্যাটার। এর মধ্যেই মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) বলে তার একটি সহজ ক্যাচ ফস্কায় নিউ জ়িল্যান্ডের ফিল্ডাররা। তখন বৈভবের সংগ্রহ মাত্র ১ রান। কিন্তু সেই সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেনি সে। ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে বৈভবকে আউট করে নাথান স্মিথ (Nathan Smith)। কভার এরিয়ায় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসে তরুণ ব্যাটার। ৮ বলে মাত্র ৪ রান করেই ফিরতে হয় তাকে।
পরের ম্যাচেও কি সুযোগ পাবে বৈভব?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও পরের ম্যাচে বৈভবের প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, চোট এখনও সারিয়ে উঠতে পারেননি ঈশান কিষান। ফলে তৃতীয় টি-টোয়েন্টিতেও তার খেলার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বৈভবকেই দলে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দেখার বিষয়, পরের ম্যাচে বৈভবকে ওপেনিংয়ে ফেরানো হয়, নাকি আবার তিন নম্বরেই ব্যাট করতে পাঠানো হয়। দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পর তার ব্যাটিংয়ের জায়গা নিয়ে কী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট, সে দিকেই নজর থাকবে।