পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকা উচিত নয়। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে এবং নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে। তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর ব্যাপকতা আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। হিন্দু ও মুসলমান একে অপরের ভাই। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়েই এ দেশে দীর্ঘদিন ধরে ধর্মীয় উৎসবগুলো উদ্যাপিত হয়ে আসছে।
সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রতিনিধিরা প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সচেতন রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে তিনি উল্লেখ করেন।
পূজারি ও দর্শনার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুরোহিতরা যেন নির্বিঘ্নে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে হবে। দর্শনার্থীদেরও সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ, অর্ঘ্য প্রদান, অঞ্জলি ও প্রণাম শেষে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সাধারণ মানুষ, পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
The post শিবালয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি জিন্নাহ কবির appeared first on ভোরের চেতনা.
