লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চার্জে লাগানো মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে মো. রুবেল (২২) ও শাকিল নামের দুই যুবক আহত হয়েছেন। গুরুতর আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, মোবাইল ফোন বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে, আহত শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোনে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মোবাইল ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
