Published on
:
1 min read
কখনও কখনও কঠিন সময়েও মন ভালো করার জন্য খুব বড় কিছুর প্রয়োজন হয় না। প্রিয় কোনও গান, পরিচিত কোনও মুখ কিংবা পুরনো কোনও স্মৃতি—এগুলিই হয়ে উঠতে পারে বেঁচে থাকার নতুন আশ্রয়। বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। অস্ত্রোপচারের পরে এখন হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। আর এই কঠিন সময়ে তাঁর মুখে হাসি ফোটাচ্ছে শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় গান ‘গেরুয়া’। হাসপাতালের বিছানায় শুয়ে সেই গান দেখার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনে চলছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবির জনপ্রিয় রোম্যান্টিক গান ‘গেরুয়া’।
ভিডিয়োটি পোস্ট করে নুসরত লিখেছেন, “আর ঠিক এ ভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফোটালেন। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি ধীরে ধীরে ভালো হয়। একটু একটু করে, সব কিছুই ঠিক হতে শুরু করে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি, স্বপ্ন দেখছি অফুরন্ত। হাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছেন। শারীরিক অসুস্থতা ও অস্ত্রোপচারের পরও প্রিয় তারকাদের গান দেখে মুখে হাসি ফুটেছে তাঁর।
অভিনেত্রীর এই বার্তায় স্পষ্ট, সুস্থ হয়ে ওঠার পথে এখনও সময় লাগলেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন তিনি। তাঁর এই পোস্ট অনুরাগীদেরও আশ্বস্ত করেছে। হাসপাতাল থেকে শাহরুখ-কাজলের গান দেখার ভিডিয়ো পোস্ট করার আগে সমাজমাধ্যমে আরও একটি ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত।
ছবিতে দেখা গিয়েছিল, জানলার পাশে রাখা রয়েছে একটি হেলান দেওয়া হুইলচেয়ার। জানলার বাইরে দেখা যাচ্ছে সূর্যাস্তের দৃশ্য। দুর্ঘটনার পর সেটিই ছিল অভিনেত্রীর প্রথম সমাজমাধ্যম পোস্ট।
