বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনের সঙ্গে আরও প্রাসঙ্গিক করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সোমবার ১৯ অক্টোবর সোমবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির এ কথা বলেন।
মামুন আহমেদ বলেন, "পড়াশোনা শেষে চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী অর্জিত শিক্ষার যথাযথ প্রয়োগ করতে পারছেন না। এ অবস্থার পরিবর্তনে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ আরও সুদৃঢ় করতে হবে।"
৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের লক্ষ্য উচ্চশিক্ষা খাতের রূপান্তরে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে জানিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে দেশের ৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে, যাদের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ পরিচালিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের শিক্ষকদের দেশেই মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা তৈরি করতে চায় ইউজিসি। শিক্ষকদের পাশাপাশি ডিন থেকে উপাচার্য পর্যন্ত উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় যুক্ত ব্যক্তিদের জন্য অভিজ্ঞতা বিনিময়ের কার্যক্রমও হাতে নেওয়া হচ্ছে। প্রয়োজনে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের দেশে এনে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করা হবে।
চার দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ,ইউজিসির ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর এ প্রশিক্ষণ আয়োজিত হয়।
গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। তাঁরা ভবিষ্যতে ন্যাশনাল ট্রেইনার হিসেবে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচই-র সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
