Published on
:
1 min read
এই সময়, বারাসত: জেলা পরিষদের সভাধিপতির সরকারি অফিসে ঢুকে প্রকাশ্যে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর অফিসে। অভিযোগ, এ দিন দুপুরে আচমকা একদল যুবক জেলা পরিষদের ভিতরে ঢুকে সভাধিপতির ঘরে ভাঙচুর চালায়। ওই সময়ে অফিসে ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি, অশোকনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
সরকারি অফিসে সাধারণ সাধারণ মানুষ প্রতিদিন বিভিন্ন কাজকর্মের জন্য আসেন। সেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে একসঙ্গে এতজনের ঢুকে পড়া এবং ভাঙচুর চালানোর অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভাঙচুরের ঘটনায় হতবাক জেলা পরিষদের কর্মীরা। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই প্রসঙ্গে নারায়ণ গোস্বামী বলেন, ‘আমি ছিলাম না। কারা অফিসে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে জানি না। আমি জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলব।’ অফিসের কর্মীদের একাংশের প্রশ্ন, রাজ্যে সুশাসনের কথা বার বার বলছেন বিজেপি নেতৃত্ব। অথচ জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এমন তাণ্ডব চালানো হচ্ছে।
বারাসতের পুলিশ সুপার জে মার্সি বলেন, ‘কোনও অভিযোগ হয়নি। তবে জেলা পরিষদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। কারা এসেছিল, তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’
