চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৮ জেলের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের হেফাজতে থাকা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
মঙ্গলাবর (১৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ।
বিজ্ঞাপন
সূত্র জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিল। এমন খবর পেয়ে টাস্কফোর্স নদীজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে জব্দে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ ধরার ৬টি নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জব্দ ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ইলিশ নিরাপদে মেঘনায় ডিম ছাড়ার সুযোগ করে দিতে অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।
শরীফুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
