আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে একটি বাস। জানা গিয়েছে, মন্দির দর্শনে বেরিয়ে দুর্ঘটনায় সম্মুখীন বাসযাত্রীরা। যাত্রীবোঝাই বাসটিতে দুর্ঘটনার কারণে কমপক্ষে আট জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের কোটা জেলায় সকাল ৭টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনাকবলিত বাসটিতে বয়স্ক মানুষ, শিশু-সহ মোট ২১ জন যাত্রী ছিলেন। তারা মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাজস্থানের বিখ্যাত খাতু শ্যাম মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি দ্রুত গতিতে চলায় বাসের চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারান। তখনই যাত্রীবোঝাই ওই বাস রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। এর ফলেই প্রাণহানির ঘটনা ঘটে। আহত হন একাধিক যাত্রী। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে তাই এ নিয়ে কোনও তথ্য জানানো হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। কোটার জেলা সংগ্রাহক (ডিস্ট্রিক্ট কালেক্টর) পীযূষ সামারিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, আহত সকল যাত্রীকে দ্রুত উদ্ধার করে কোটার এমবিএস (MBS) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
