প্রকাশিত: ১১:৩৪, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:৩৬, ১৮ অক্টোবর ২০২৬
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লালমনিরহাটের বুড়িমারী বামনদল সীমান্ত এলাকা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রেবেশ করানোর) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তীব্র বাধায় বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।
রবিবার (১৮ অক্টোবর) ভোরে দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের কোশালডাংগা এলাকা দিয়ে এই চেষ্টা চালায়। এসময় দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি জানায়, শোনার পরে তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নেয় বিজিবির টহল দল। বিজিবির জোরালো বাধার মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। বিজিবির বাধায় ভেস্তে যাওয়া ওই ১২ জন বর্তমানে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোশালডাংগা এলাকায় অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বুড়িমারী সীমান্তে বিজিবির টহল ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, বিএসএফের এই পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান।
