জেলে নরেন্দ্র নাথের জালে ধরা পড়া মাছটি কিনে নেন থানাহাট বাজারের ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন তিনি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। গতকাল উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।
জানা গেছে, জেলে নরেন্দ্র নাথের জালে ধরা পড়া মাছটি কিনে নেন থানাহাট বাজারের ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন তিনি। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বিভিন্ন ওজনের বাঘাইড় ও দেশীয় প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেয়া হচ্ছে।
