বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সিনেমা মুক্তির আগেই মানবিক উদ্যোগের কারণে আলোচনায় এসেছেন রাশমিকা।
সিনেমাটিতে যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। চরিত্রটি থেকে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী তিন মাস এসব পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহন করবেন রাশমিকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেত্রী। সেখানে সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। রাশমিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে।
কেন এমন উদ্যোগ নিলেন রাশমিকা? অভিনেত্রীর ভাষ্য, ‘রণবলী’ সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই।’
এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন বলে জানান তিনি। তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্য ছাড়া অন্য কেউ এ সম্পর্কে জানতেন না। তবে এবার নিজের উদ্যোগের কথা প্রকাশ করে অন্যদেরও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করতে চান রাশমিকা।
অভিনেত্রীর কথায়, ‘আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তাহলে আমার খুব ভালো লাগবে।’
শুধু একবারই নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাশমিকার। তিনি জানান, প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সহায়তা করতে চান তিনি।
রাশমিকা বলেন, ‘আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়।’
এদিকে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ।
সিনেমাটিতে যোদ্ধা রণবলীর ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে।
