দেশের জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন কমে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে ব্যাপক গবেষণা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, কেবল অবাদে মা ইলিশ বা জাটকা নিধনই নয়, নদীতে নতুন চর জেগে ওঠার মতো প্রাকৃতিক পরিবর্তনও ইলিশের স্বাভাবিক গতিপথ ও প্রজননকে বাধাগ্রস্ত করছে। সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে উৎপাদন পুনরায় বৃদ্ধির পথ উদ্ভাবনে ইতোমধ্যে মৎস্য গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী নদীর পাড়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ উপলক্ষে আয়োজিত ভিজিএফের চাউল বিতরণ ও জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নদীতে চর জেগে ওঠার কারণে ইলিশের বিচরণক্ষেত্র ও স্বাভাবিক চলাচলের রুট পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ইলিশ হ্রাসের মূল নেপথ্য কারণ বের করার পর সরকার সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তাসহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। স্বাদে ও গুণে অনন্য বাংলাদেশের এই সম্পদ রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও জানানো হয়, ইলিশের প্রজনন সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই একটি নতুন মেগা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান ও নতুন নতুন সুবিধা নিশ্চিত করা হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সংশ্লিষ্ট সংবাদ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
০৮ এপ্রিল ২০২৬
