চট্টগ্রাম নগরীর খুলসী থানার চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে গিয়ে কারাগারে গেছেন নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন বগা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল হোসেন বগা। দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ান তিনি। একাধিক মামলা থাকায় গ্রেফতারের জন্য ওয়াকিলের খোঁজ করে আসছিলো পুলিশ। সর্বশেষ ৬ অক্টোবর নগরের টাইগার পাস এলাকার নগর ভবনে ওয়াকিল অবস্থান করছেন খবর পেয়ে সেখানে তাকে ধরতে যান পুলিশ সদস্যরা। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।
পরদিন সাংবাদিকদের চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেন বলেন, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। ওয়াকিলের দুই ভাই তার সঙ্গে সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওয়াকিলকে সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা বলে দাবি করেন মেয়র। ওই দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবিতে বদলি করা হয়। এর পরের দিন চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয় আবদুর রহিমকে।
