পুজোয় কোথায় যাবেন, নিশ্চয়ই সেসব নীল নকশা তৈরি হয়ে গিয়েছে? তবে তারই মাঝে উৎসবের মরশুমে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। বাংলায় ফের নিম্নচাপের ভ্রূকূটি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যদিও সপ্তাহান্তে আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য তেমন বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। মঙ্গলবার এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরে। নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অবশ্য অন্ধ্রপ্রদেশের দিকে। আবার আগামী দু’দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। রাঁচির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায় রেখা। তবে বৃষ্টি থেকে রেহাই নেই। মঙ্গল ও বুধবার আবহাওয়া শুষ্কই থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতা-সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি থেকে শনিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গে সোম থেকে বৃহস্পতিবার মূলত শুষ্ক আবহাওয়া। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। শুক্র এবং শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবার ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ।
